
বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন, এলাকায় চাঞ্চল্য
প্রতিবেদক: জাহিদুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের দাবিতে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ এক নারীর বাড়িতে অনশন করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকালে উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী গ্রামে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অনশনে বসা ওই বৃদ্ধের নাম আবুল কাসেম মুন্সি। তিনি উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের মৃত আজাহার আলী মুন্সির ছেলে।
আবুল কাসেম জানান, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর জীবনের শেষ প্রহরে এসে তিনি নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন। প্রায় দুই মাস আগে পরিচয়ের সূত্রে মাহিনুর বেগম (৩৫) নামে এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের শুরুতে তিনি মাহিনুরকে বিয়ের প্রস্তাব দিলে, মাহিনুর রাজি হয়ে নানা অজুহাতে তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা নেন। কিন্তু সম্প্রতি তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং ভুয়া ঠিকানা দেন।
দীর্ঘ খোঁজাখুঁজির পর শনিবার সকালে তিনি মাহিনুরের বাড়ি খুঁজে বের করেন এবং সেখানে গিয়ে অনশন শুরু করেন। তার দাবি— “মাহিনুর হয় আমাকে টাকা ফেরত দেবে, নয়তো বিয়ে করতে হবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও মাহিনুর বেগম একাধিক পুরুষকে বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করেছেন। এলাকাবাসীর দাবি, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য তাকে আইনের আওতায় আনা উচিত।
তবে মাহিনুর বেগম মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং অনশনরত বৃদ্ধের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন স্থানীয়রা।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”