
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, সত্যকণ্ঠ নিউজ ডেস্ক
অন্তর্বর্তীকালীন সরকার আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমেই এই ঘোষণা আসতে পারে বলে একাধিক সরকারি সূত্র নিশ্চিত করেছে।
সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হবে। আগস্টের প্রথম সপ্তাহেই এই বার্তা ইসির কাছে পৌঁছাবে বলে জানা গেছে।
রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ৫ আগস্টের মধ্যে ঘোষণা করা হবে—এ বিষয়টি এখন প্রায় নিশ্চিত। জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে সনদের একটি খসড়া প্রস্তুত করেছে এবং ৩১ জুলাইয়ের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা শেষ করবে।
রোববার সকালে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, সোমবারের মধ্যে সনদের খসড়া দলগুলোকে পাঠানো হবে। এরপর নির্ধারিত দিনে সই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এর আগে ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের রমজান শুরুর আগে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচার প্রক্রিয়ার অগ্রগতি থাকতে হবে।
তবে নির্বাচন কমিশনকে এখনো স্পষ্ট নির্দেশনা না দেওয়ায় বিএনপির মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন এবং পিআর পদ্ধতিতে ভোট আয়োজনের কিছু প্রস্তাবও উঠেছে, যা বিএনপি সন্দেহের চোখে দেখছে।
প্রধান উপদেষ্টা গত ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত তিন দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা চার–পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করবেন।
বিএনপি এই ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “প্রধান উপদেষ্টা দুই–চার দিনের মধ্যে যদি নির্বাচনের সময় ঘোষণা করেন, খুশি হবো—এটাই তো আমাদের দাবি।”
তবে জামায়াতের নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে তা হবে অপরিপক্ব সিদ্ধান্ত।
বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে, জুলাই সনদ ঘোষণার প্রক্রিয়ায় কোনো বিঘ্ন না ঘটিয়ে সরকার যেন নির্বাচনের বিষয়ে সব দলকে স্পষ্টভাবে আশ্বস্ত করে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”