
সেনা অভিযানে সাঘাটায় মাদক ও অবৈধ ওষুধসহ বাবা-ছেলে আটক
প্রতিবেদন: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ওষুধ জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাবা-ছেলেকে আটক করেছে সেনা সদস্যরা। আটককৃতরা হলেন ভরতখালী ইউনিয়নের উল্যাবাজার এলাকার হেলাল মিয়া (৫০) ও তার ছেলে শাওন মিয়া (২৮)।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত টানা ১২ ঘণ্টার অভিযানে হেলাল মিয়ার দুটি মেডিসিন স্টোরে অভিযান চালানো হয়। এতে প্রায় চার লাখ টাকা মূল্যের অবৈধ ওষুধ জব্দ করা হয়। উদ্ধারকৃত ওষুধের মধ্যে রয়েছে— ৯২ পিস নিষিদ্ধ টারপেন্ডা, ১ হাজার ২শ পিস ‘নাইম মুলিড বাবা’ নামে নেশাজাতীয় ট্যাবলেট, বিভিন্ন কোম্পানির ভুয়া ওষুধপত্র। এছাড়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি ফিচার ফোন এবং নগদ ৩ হাজার ৩শ ৫১ টাকা জব্দ করা হয়।
সাঘাটা সেনা ক্যাম্পের ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। পরে আটককৃতদের সাঘাটা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা রুজু হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”