
সুন্দরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানযাত্রী রাজু মিয়া নিহত, আহত ২ জন
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার (গাইবান্ধা)
গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী সোনালী পরিবহনের একটি বাসের ধাক্কায় রাজু মিয়া (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা–সুন্দরগঞ্জ সড়কের সদর মহিলা দাখিল মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু মিয়া সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে। পেশায় দিনমজুর রাজু মিয়া বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ভ্যানে উঠেছিলেন।
আহতরা হলেন—সাদুল্লাপুর উপজেলার ছান্দিয়াপুর গ্রামের আবদুর রশিদ প্রামাণিকের ছেলে আলমগীর হোসেন (৩৮) ও কামারপাড়া গ্রামের আতোয়ার রহমান (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু মিয়া ও আহত দুইজন ভ্যানে করে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। পথে সদর মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন স্থানে ঢাকাগামী সোনালী পরিবহনের একটি বেপরোয়া গতির বাস ভ্যানটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাজু মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত আতোয়ার রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অন্য আহত আলমগীরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়।
ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর হোসেন বলেন, “বেপরোয়া গতির বাসের ধাক্কায় ভ্যানটি উল্টে যায়। এতে রাজু মিয়া নিহত হন। তিনি দাওয়াত খেতে যাচ্ছিলেন।”
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, “স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ঘটনার পর ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।