
মোংলায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ
প্রতিবেদক: মো: রাজ হাওলাদার, মোংলা উপজেলা।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে মোংলায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মোংলা শ্রমিক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোংলা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো: রেজাউল করীম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির মনোনীত বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউছুফ ইকবাল, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি এবং বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান আসনভিত্তিক নির্বাচন ব্যবস্থা গত ১৭ বছর ধরে দুর্নীতিবাজ ও স্বৈরাচারী সরকারের জন্ম দিয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিদ্যমান সংবিধান বাতিল করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ছাড়া জুলাই শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। পিআর পদ্ধতির দাবিতে ইসলামী দলগুলোর নেতৃত্বে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।
প্রধান অতিথি জিল্লুর রহমান বলেন, “পিআর পদ্ধতির নির্বাচন হলে কারচুপি ও জালিয়াতির পথ বন্ধ হবে। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির মাধ্যমেই ভোট হবে এবং ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠবে।”
মোংলা উপজেলা সভাপতি রেজাউল করিম মৃধা বলেন, ইসলামী নেতৃত্ব ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা কখনোই ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখেনি।
বাগেরহাট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারীদের সম্মান জানিয়ে ইসলামের বৃহত্তর স্বার্থে জামায়াত ও ইসলামী আন্দোলনসহ সব ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়বে।”
বক্তারা আরও দাবি করেন, দেশের জনগণ ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ রূপ দেখতে চায়। ডাকসু ও জাকসুর নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় প্রমাণ করেছে জনগণ ইসলামের পক্ষে। তাই পিআর ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
শেষে গণমিছিলের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা শাখার সমাবেশের সমাপ্তি হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”