
মাগুরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: আটক ৩
মাগুরা প্রতিনিধি: আব্দুল মান্নান
মাগুরায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার (১০ আগস্ট) রাতে সদর উপজেলার আলাইপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আলাইপুর গ্রামের শরিয়ত মোল্লা ও আলতাফ হোসেনের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। রোববার সকালে আলতাফ হোসেনের বাড়ি থেকে সাত হাজার টাকা হারিয়ে যায়। সন্ধ্যায় চুরির সন্দেহে শরিয়ত মোল্লার ছেলে সজল হোসেনকে ধরে আলাইপুর স্কুল মাঠে নিয়ে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওসমান গনি জানান, সজলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পরই তিনি মারা যান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, চুরির সন্দেহে গণপিটুনির ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”