
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, জেলা স্টাফ রিপোর্টার (গাইবান্ধা)
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে এক অজ্ঞাতনামা হিন্দু মহিলার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে গজারিয়া ইউনিয়নের ইয়াদ আলী বাজারের পূর্ব পাশে ব্রহ্মপুত্র নদীর তীরে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে গজারিয়া নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মাওলা জানান, উদ্ধারকৃত মরদেহটি অজ্ঞাতনামা এক হিন্দু মহিলার বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের পর গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে অন্য কোনো স্থান থেকে নদীর স্রোতে ভেসে মরদেহটি এখানে এসে পৌঁছেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানিয়েছেন, মরদেহটির গলায় ও হাতে অলংকারের চিহ্ন রয়েছে, তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
✒️
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।