
বেলাবোতে স্বতন্ত্র আসনের দাবিতে মানববন্ধন
প্রতিবেদক: মো. রবিন রাজ, বেলাবো উপজেলা প্রতিনিধি
রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যের অবসান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার উদ্দেশ্যে নরসিংদীর বেলাবো উপজেলায় স্বতন্ত্র সংসদীয় আসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল ৩টায় বেলাবো বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় “বেলাব উপজেলা স্বতন্ত্র সংসদীয় আসন বাস্তবায়ন পরিষদ”-এর উদ্যোগে এ কর্মসূচি হয়। মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন, এডভোকেট আব্দুল হামিদ, ডা. মোজাম্মেল হক নাহিদ, মোঃ ইমতিয়াজ আহমেদ জয়, মোহাম্মদ সোহরাফ হোসেন, আতীক খোকন, সাংবাদিক আশিকুর রহমান সৈকত এবং সাহিনুর প্রমুখ।
মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। বক্তারা বলেন, জনগণের ন্যায্য রাজনৈতিক অধিকার ও সমঅধিকার নিশ্চিত করতে বেলাবোকে পৃথক সংসদীয় আসন হিসেবে ঘোষণা করা জরুরি। দীর্ঘদিনের দাবি উপেক্ষিত হওয়ায় তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।
আয়োজক সংগঠন জানায়, দাবি আদায়ে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করা হচ্ছে। স্থানীয়রা জানান, জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় বেলাবো উপজেলাকে আলাদা আসন হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। স্বাধীনতার পর থেকে বহুবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ন্যায্য দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় পর্যন্ত অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”