
প্রতিবেদক: মো. রবিন রাজ, বেলাবো উপজেলা প্রতিনিধি
আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) বেলাবো উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল ৫ আগস্ট কেন্দ্র ঘোষিত বিজয় মিছিল সফলভাবে বাস্তবায়ন করা এবং জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্রের বিজয়ের তাৎপর্য স্মরণ করা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
এছাড়াও উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, উপজেলা বিএনপির সাবেক চেয়ারম্যানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় নেতারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। জনগণের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রের বিজয় হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
বক্তারা কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক পদ্ধতিতে বিজয় মিছিল আয়োজনের আহ্বান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বেলাবো উপজেলা বিএনপির সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আগামী ৫ আগস্টের বিজয় মিছিলে সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করবেন।
নেতারা বলেন, “এই বিজয় মিছিল হবে গণতন্ত্রকামী মানুষের ঐক্য ও সাহসিকতার প্রতীক। ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়কে চিরস্থায়ী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।”
📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”