
ঢাকা: বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বিদেশি বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি বিদেশিরা আমাদের দেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী হন, তবে এর ফলে বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে দেশের বহু যুবক-যুবতীকে আর প্রিয়জনদের ছেড়ে বিদেশে পাড়ি দিতে হবে না জীবিকার সন্ধানে।
বর্তমানে হাজার হাজার তরুণ-তরুণী উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমাচ্ছেন। অনেকেই সেখানে অমানবিক পরিশ্রমে জড়িয়ে পড়ছেন, আবার অনেকেই পড়ছেন প্রতারণার ফাঁদে। অথচ দেশের মাটিতে যদি পর্যাপ্ত কর্মসংস্থান গড়ে ওঠে, তবে এই মেধাবী ও পরিশ্রমী তরুণ প্রজন্ম দেশের জন্যই সম্পদ হয়ে উঠতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থার পরিবর্তন সম্ভব—যদি দেশের রাজনৈতিক নেতৃত্বে মানসিকতার পরিবর্তন ঘটে এবং তারা জাতির স্বার্থকে সর্বাগ্রে স্থান দেন। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব, এবং বাংলাদেশের অর্থনীতিও হতে পারে আরও মজবুত।
ইতিমধ্যেই সরকার বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল গঠনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে, তবে রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত না হলে এ প্রচেষ্টা সফল হবে না বলে অনেকে মনে করেন।
ইন্সাআল্লাহ, একদিন দেশ সেই কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাবে—যেখানে প্রতিটি নাগরিক তার নিজের দেশেই উন্নত জীবনের নিশ্চয়তা পাবে।