
প্রথম ওয়ানডেতেই হোঁচট বাংলাদেশের, আফগানিস্তানের সহজ জয় আবুধাবিতে
প্রতিবেদক: ক্রীড়া ডেস্ক, সত্যকণ্ঠ
বর্তমান ওয়ানডে ক্রিকেটে যেখানে ৩০০–৩৫০ রানের ইনিংস এখন প্রায় নিয়মিত দৃশ্য, সেখানে ২২১ রানের লক্ষ্য আসলেই তুচ্ছ। সেই ছোট লক্ষ্যই সহজে তাড়া করে নিয়েছে আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর জোড়া ফিফটিতে ভর করে ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে আফগানরা। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে হারের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ।
বুধবার (৮ অক্টোবর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু ব্যাটাররা তার সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারেননি। ৫৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন তিন ব্যাটার—সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০) ও নাজমুল হোসেন শান্ত (২)।
এরপর তাওহীদ হৃদয় ও মিরাজ চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়ে দলের হাল ধরেন। তবে দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রান আউট হলে আবার ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৬০ রান করে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন মিরাজ। বাকি ব্যাটাররা আর দাঁড়াতেই পারেননি—৪৮.৫ ওভারে অলআউট বাংলাদেশ ২২১ রানে।
আফগানিস্তানের হয়ে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই নেন তিনটি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। এরপর তানভীর ইসলামের বলে ইব্রাহিম (২৩) ও তানজিম সাকিবের বলে আতাল (৫) আউট হলেও তৃতীয় উইকেটে রহমানউল্লাহ ও রহমতের ৭৮ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। দুজনেই করেন ৫০ রান করে।
শেষদিকে অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি (৩৩*) ও আজমতউল্লাহ ওমরজাই (৪০) মিলে সহজেই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
বাংলাদেশের হয়ে ৭ ওভারে ৩১ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন তরুণ পেসার তানজিম সাকিব।
আগামী ১১ অক্টোবর একই মাঠে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
✒️
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।