
নারী ক্রিকেটে প্রথমবার অনূর্ধ্ব-১৯ দলের জন্য পিসিবির কেন্দ্রীয় চুক্তি
প্রতিবেদক: সত্যকণ্ঠ ডেস্ক, ক্রিকেট
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারদের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৫-২৬ মৌসুমের জন্য ঘোষিত এই চুক্তিতে সব ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
পিসিবির ঘোষণায় জানা গেছে, ক্রিকেটারদের ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘ই’ ক্যাটাগরিতে অনূর্ধ্ব-১৯ দলের আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই চুক্তি ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়ে এক বছরের জন্য বহাল থাকবে। যদিও পারিশ্রমিকের সঠিক অঙ্ক প্রকাশ করা হয়নি।
টি-টোয়েন্টির শীর্ষ র্যাঙ্কিংধারী বোলার সাদিয়া ইকবাল, অধিনায়ক ফাতিমা সানা, মুনিবা আলি ও সিদরা আমিন আছেন ‘এ’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে তিনজন— আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ ও নাশরা সান্ধু। রামিন শামিম ‘সি’ ক্যাটাগরির একমাত্র সদস্য। ‘ডি’ ক্যাটাগরিতে ১০ জন— গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সাইয়েদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।
নতুন করে অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন আলিয়া রিয়াজ (বি), নাতালিয়া পারভেজ (ডি), সিদরা নওয়াজ (ডি), ওয়াহিদা আখতার (ডি) এবং অনূর্ধ্ব-১৯ এর আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার (ই)।
আগামী ১২ মাসে পাকিস্তান নারী দল ওয়ানডে বিশ্বকাপ (সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫) ও টি-টোয়েন্টি বিশ্বকাপ (জুন ২০২৬) সহ বিভিন্ন হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে। সাম্প্রতিক পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় চুক্তির তালিকা চূড়ান্ত করেছে পিসিবি।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”