
প্রতিবেদক: আরিফুর ইসলাম, নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শৈশবের বন্ধুদের মধ্যে বিরোধের জেরে খুন হয়েছেন এক তরুণ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক খাইরুল আমিন ও নিহত উমর হাসান শৈশব থেকেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের কারণে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে খাইরুল আমিন উমরের ঘরে মাটির ভিটির সিদ কেটে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।
গলা কেটে মৃত্যু নিশ্চিত করার পর পালানোর চেষ্টা করলে, শব্দ শুনে উমরের মা রাহেলা বেগম ছেলের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তাকেও ছুরি দিয়ে আঘাত করে খাইরুল পালিয়ে যায়।
নিহত উমর মহেশপুর গ্রামের মুরশিদ মিয়ার বাড়ির জাকির হোসেনের ছেলে, আর গ্রেফতার ঘাতক খাইরুল একই গ্রামের পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।
এ ঘটনার পরপরই নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি শাহিনুর ইসলাম) জানান,
“পূর্ব শত্রুতার জেরে খাইরুল উমরকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান শুরু করে, মাত্র দুই ঘণ্টার মধ্যেই ঘাতককে গ্রেফতার এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।