
ধানের শীষ নিয়ে যিনি আসবেন আমরা তার পক্ষেই কাজ করবো – ড. হোসাইনি
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার
কুমিল্লার মনোহরগঞ্জে আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে যুব সমাজের করণীয় বিষয়ে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কথা বলতে এসেছি, কিন্তু দুঃখের বিষয় এখনো মন খুলে বলা সম্ভব হচ্ছে না। বিগত ১৮ বছর আমরা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। যারা আওয়ামী লীগের কাছে নাকে খত দিয়ে ব্যবসা-বাণিজ্য করেছেন, তারা এলাকায় নির্ভয়ে বসবাস করছেন। কিন্তু লাকসাম-মনোহরগঞ্জে এখনো ফ্যাসিস্টদের ছায়া দেখা যাচ্ছে। মনে রাখবেন, বিএনপিতে সন্ত্রাস ও চাঁদাবাজদের কোনো স্থান নেই।”
তিনি আরও বলেন, “আমাকে অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ এখানে আসতে হয়েছে। ফোনে হুমকি-ধামকিও দেওয়া হয়েছে। কিন্তু আমি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, অন্যায়ের কাছে মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না। তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আর আগামী নির্বাচনে ধানের শীষের মনোনয়ন নিয়ে যিনি আসবেন, আমরা তার পক্ষেই কাজ করবো ইনশাআল্লাহ।”
সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা অহিদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. আলাউদ্দিন, বিএনপি নেতা সৈয়দ আহমেদ, কালা মিয়া, স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ হোসেন, জসিম উদ্দিন এবং যুবদল নেতা জিএম মোশাররফ হোসেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”