
দোয়ারাবাজারে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক ও খেলাফত মজলিস নেতা আটক
প্রতিবেদক: রফিকুল ইসলাম, দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিসের জেলা নেতা মাওলানা রহমত আলীকে আটক করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মাওলানা রহমত আলী চামতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শুড়িগাঁও জামে মসজিদের ইমাম এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সম্পাদক। তিনি হাবিবনগর গ্রামের মৃত সিরাজ আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট মক্তবে পড়তে আসা ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক। ভয়ভীতির কারণে শিক্ষার্থী বিষয়টি গোপন রাখে। ২৯ আগস্ট মা’কে জানালে পরদিন শুক্রবার (৩০ আগস্ট) তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার চিকিৎসা শেষে ভিকটিম বাসায় ফিরে আসে।
এদিকে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা রবিবার সকালে মাদ্রাসায় বিচার-শালিস ডাকেন। কিন্তু শালিসে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হলে উত্তেজিত জনতা অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসার অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখে।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে রহমত আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে সংশ্লিষ্ট আরও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”