
🖋️ সিরাজুল ইসলাম, দক্ষিণ বিভাগীয় ব্যুরো প্রধান, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকায় মোবাইল চোরচক্রের একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মোবাইল, ল্যাপটপ ও নগদ অর্থসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে হরিশ দত্ত লেইন এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তানভির হাসনাইন (৩২), সোহেল উদ্দিন (৩২), মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৬), মো. মোহাম্মদ হোসাইন (২২) এবং আবদুল্লাহ আল মামুন (২৭)।
অভিযানে তাদের কাছ থেকে জব্দ করা হয়:
✅ ৩৪২টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন
✅ ৬টি ল্যাপটপ
✅ মোটা অঙ্কের নগদ টাকা
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান দৈনিক সত্যকণ্ঠকে জানান,
“চক্রটি রাজধানীসহ বিভিন্ন জেলা শহর থেকে চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে মোবাইল ফোন সংগ্রহ করত। এরপর সেগুলোর আইএমইআই নম্বর পরিবর্তন করে নতুন মোড়কে বাজারজাত করত।”
তিনি আরও বলেন,
“এসব মোবাইল ফোন পরবর্তীতে দেশের বিভিন্ন এলাকায় ছাড়াও রোহিঙ্গা ক্যাম্প এবং সীমান্ত পেরিয়ে মিয়ানমার, ভারত ও নেপালে পাচার করা হতো। চক্রটি অত্যন্ত পেশাদারভাবে প্রযুক্তির অপব্যবহার করে চোরাই পণ্যের বৈধতা তৈরি করত।”
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে দেশের বিভিন্ন স্থানের অসাধু ব্যবসায়ী ও পরিবহন সংস্থার জড়িত থাকার তথ্য মিলেছে। তদন্তের পর আরও আটক ও অভিযান হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ডিবি।
🟢 “সত্য প্রকাশে আমরা সাহসী, আমরা সচেতন” — দৈনিক সত্যকণ্ঠ