
📰 গোপালগঞ্জে এনসিপি সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ
প্রতিবেদক: গোপালগঞ্জ জেলা প্রতিনিধি | সত্যকণ্ঠ সংবাদ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কর্মসূচিকে কেন্দ্র করে গত ১৬ জুলাই সংঘর্ষে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার সকাল ১০টার দিকে, এই ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আদালতে আবেদন করলে, আদালত এক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত করার নির্দেশ দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা প্রথমে গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ উত্তোলন করব।”
এদিকে সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে সদর থানার চার জন এসআই বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনটি মামলায় অজ্ঞাতনামা ১,৫০০ জন করে আসামি করা হয়েছে। এছাড়া রমজান কাজী হত্যা মামলায় অজ্ঞাতনামা ৯০০ জনকে আসামি করা হয়েছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”