
প্রতিবেদক: মোঃ জাহাঙ্গীর আলম সুজন, দীঘিনালা উপজেলা প্রতিনিধি
জুলাই পুনর্জাগরণ স্মরণে বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী দীঘিনালা উপজেলার পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সেবা প্রদান করা হয়। কর্মসূচির আয়োজন করে খাগড়াছড়ি রিজিয়ন, দীঘিনালা জোন এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স।
চিকিৎসা সেবায় অংশ নেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মো. মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান এবং দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি।
তারা ইসিজি ও বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগীদের চিকিৎসা প্রদান করেন।
মেডিকেল অফিসার ক্যাপ্টেন লাবনী জামান বলেন,
“জুলাই পুনর্জাগরণ স্মরণে এবং পাহাড়ের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর পক্ষ থেকে আজকের আয়োজন। ভবিষ্যতেও এখানকার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও শান্তি বজায় রাখতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা বলেন,
“গ্রামের পিছিয়ে পড়া সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বিনামূল্যে চিকিৎসা সেবার এই আয়োজন পাহাড়ের সব জাতিগোষ্ঠীর মানুষের কষ্ট লাঘব করবে এবং শান্তি–সম্প্রীতি আরও দৃঢ় করবে।”
📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”