
কুমিল্লার তিতাসে পরকীয়ার জেরে যুবককে কুপিয়ে হত্যা, মরদেহ চার টুকরো
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে পরকীয়ার জেরে মো. নজরুল ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছেন এক নারী ও তার স্বামী। হত্যার পর মরদেহ চার টুকরো করে বস্তায় ভরে নদীতে ফেলে দেন তারা। এ ঘটনায় প্রেমিকা স্মৃতি (২৭) ও তার স্বামী মো. হোসেন মিয়া (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ জানান, নিহত নজরুল ভূঁইয়া সাহাবৃদ্দি গ্রামের মো. হানিফ ভূঁইয়ার ছেলে এবং পেশায় ট্রাক্টরচালক ছিলেন।
ঘটনার তিন দিন পর শনিবার (৯ আগস্ট) রাতে খিচুড়ি রান্না করে মিলাদ পড়ান হোসেন-স্মৃতি দম্পতি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) রাতে নজরুল ভূঁইয়া বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার (৮ আগস্ট) তার বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রোববার (১০ আগস্ট) ভোরে পুলিশ হোসেন ও স্মৃতিকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়াল দিয়ে নজরুলকে হত্যা এবং মরদেহ চার টুকরো করে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন।
নিহতের বাবা হানিফ ভূঁইয়া বলেন, “পরিকল্পিতভাবে আমার ছেলেকে ডেকে এনে হত্যা করা হয়েছে। আমি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”