
কুমিল্লায় ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী গ্রেপ্তার
প্রতিবেদক: আলম চৌধুরী, স্টাফ রিপোর্টার।
কুমিল্লায় বিশেষ অভিযানে সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি বাটন মোবাইল জব্দ করা হয়।
বুধবার (২০ আগস্ট) কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর নোয়াপাড়া এলাকা থেকে সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজেদুল ইসলাম কুমিল্লা আদর্শ সদর উপজেলার হালিমা নগর নোয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজির ঘটনায় আগের দুটি মামলা রয়েছে।
ওসি মহিনুল ইসলাম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার দিকে নোয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সাজেদুলের বিরুদ্ধে মানবপাচার, পাসপোর্ট জালিয়াতি, চুরি, চাঁদাবাজি, অপহরণ এবং অস্ত্র রাখাসহ নানা অভিযোগ রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় নতুন করে মামলার প্রস্তুতি চলছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”