
📰 কালীগঞ্জে গরুসহ কুখ্যাত ৭ চোর গ্রেফতার, উদ্ধার চুরি যাওয়া গরু ও পিকআপ
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোহাম্মদ শামীম শাহরিয়ার
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ গ্রাম থেকে চুরি যাওয়া একটি গরু উদ্ধার এবং কুখ্যাত চোরচক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
গত ২ জুলাই বিকেলে মোঃ কবির মিয়ার (৫০) গৃহপালিত একটি কালো গাভী চুরি হয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি স্থানীয় একটি কোম্পানির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঢাকা মেট্রো-ন-১৫-৭৮১৬ নম্বরের একটি নীল রঙের পিকআপে গরুটি তোলা হচ্ছে।
ঘটনার প্রেক্ষিতে ০৬ জুলাই ২০২৫ তারিখে কালীগঞ্জ থানায় একটি মামলা (নং-০৪, ধারা ৩৭৯ পেনাল কোড) দায়ের করা হয়।
মামলার তদন্তের দায়িত্ব নেন উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম। কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিনের দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করেন।
১৭ জুলাই বিকেল সাড়ে ৫টায়, প্রথম ধাপে কালীগঞ্জের হরদি বাজার এলাকা থেকে তিনজন চোরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী খিলক্ষেত ও সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধার করা হয় চুরি যাওয়া গরুটিও।
১. মোঃ জুয়েল রানা (৩৫) — শ্রীপুর, গাজীপুর
২. মোঃ শরিফুল ইসলাম (৩৪) — কেরানীগঞ্জ, ঢাকা
৩. মোঃ সদর আলী (৩৬) — কেরানীগঞ্জ, ঢাকা
৪. মোঃ আশরাফুল ইসলাম (২০) — কেরানীগঞ্জ, ঢাকা
৫. মোঃ মোস্তফা মিয়া (২০) — কেরানীগঞ্জ, ঢাকা
6. মোঃ চুন্নু মিয়া (৫৫) — সাভার, ঢাকা
7. মোঃ নজরুল ইসলাম (৩৬) — রংপুর (বর্তমানে সাভার, ঢাকা)
তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরির কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চুরি হওয়া গরু ফিরে পেয়ে খুশি ভুক্তভোগী পরিবার। এই ঘটনায় কালীগঞ্জ থানার পুলিশ বাহিনী বিশেষ করে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে সফল অভিযান পরিচালনার জন্য জনসাধারণ ও স্থানীয়রা প্রশংসা করেছেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”