
প্রতিবেদন: মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুলাল মিয়া (৪৫) নামে এক কুখ্যাত ডাকাত ও চোরাকারবারির অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা রাউৎখলা গ্রামবাসী। বুধবার বিকেল ৫টায় রাউৎখলা জামে মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে এ আয়োজন করা হয়।
গ্রামবাসীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সরকার ফজলে রাব্বি। সভাপতিত্ব করেন প্রবীণ আলি মিয়া মেম্বার। এ সময় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, বিএনপি নেতা নাছির উদ্দীন ও আনোয়ার মুন্সি বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, দুলাল মিয়া দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি ও মাদক চোরাকারবারে জড়িত। অতীতে গ্রাম থেকে বিতাড়িত হলেও রাজনৈতিক আশ্রয়ে পুনরায় সক্রিয় হয়। সম্প্রতি (৭ আগস্ট) রাউৎখলা গ্রামের আবু তাহের মিয়ার বাড়িতে ডাকাতি করে রেনোয়ারা বেগম (৫০) কে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট করে পালিয়ে যায়। বর্তমানে রেনোয়ারা বেগম হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর আবু তাহের মিয়া বাদী হয়ে কসবা থানায় মামলা দায়ের করেছেন। এ বিষয়ে কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, “মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”