
ইঞ্জিনচালিত ভ্যান চুরি করতে গিয়ে পাইকগাছায় জনতার হাতে চোর আটক
প্রতিবেদক: কাজী শাওন সবুজ, পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর বাজারে ইঞ্জিনচালিত ভ্যান চুরি করতে গিয়ে এক যুবককে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে গদাইপুর ইউনিয়নের গদাইপুর মোড়ে ভ্যানটি চুরির চেষ্টা চালানোর সময় সাগর সানা (২৬), পিতা তকোব্বার সানা, গ্রাম ষষ্ঠীতলা, ইউনিয়ন রাড়ুলী—তাকে স্থানীয়রা ধরে ফেলেন। উত্তেজিত জনতা প্রথমে তাকে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক মাস ধরে গদাইপুরসহ আশপাশের এলাকায় একাধিক ভ্যান ও হালকা যানবাহন চুরি হচ্ছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র এসব চুরির সঙ্গে জড়িত।
একজন বয়স্ক ভ্যানচালক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের জীবনের একমাত্র সম্বল এই ভ্যান। এটা চুরি হয়ে গেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হয়। প্রশাসনের উচিত এসব চোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, গরিব মানুষের জীবিকার অবলম্বন চুরি করে যারা, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”