
প্রতিবেদক: মোহাম্মদ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খাঁন ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে তিন ঘণ্টা যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে এসে মহাসড়কটির নাজুক অবস্থা পরিদর্শন করেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি মহাসড়কটি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা ফাওজুল কবির জানান, ঢাকা-সিলেট মহাসড়কের যানজট নিরসনে মন্ত্রণালয়ের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকার অস্থায়ী কার্যালয়ে নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কর্তব্যে অবহেলা করলে বা অফিসে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাসপেন্ড করা হবে।”
তিনি আরও বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কের যানজট ট্রাফিক বিভাগের গাফিলতির ফল। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিশ্বরোড এলাকায় একটি উড়ালসেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ডিজাইন ও প্রাথমিক কাজের নির্দেশ ইতোমধ্যেই দেওয়া হয়েছে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, “সড়কপথে যানজটের কারণে রেলপথে অতিরিক্ত চাপ বেড়েছে। আমরা খুব দ্রুতই এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেব।”
ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে তিনি বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ভৈরব আসেন। পরে সেখান থেকে সড়কপথে আশুগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। আশুগঞ্জের সোহাগপুর, সোনারামপুর ও সরাইলের বেড়তলা এলাকায় তীব্র যানজটে প্রায় তিন ঘণ্টা আটকা থাকার পর তিনি বাহাদুরপুর থেকে মোটরসাইকেলযোগে বিশ্বরোড মোড়ে পৌঁছান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅