
প্রতিবেদক: মো. রাজ হাওলাদার, মোংলা উপজেলা
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মোংলা পৌরসভা চত্বর থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পৌরসভা প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। কর্মসূচিতে অংশ নেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, মোংলা পৌর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক কোহিনূর সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ও নূর মোহাম্মদ জনি। উপস্থিত ছিলেন পৌর ৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক বাবলু ভূঁইয়া, সালাম ব্যাপারী, বিএনপি নেতা রুস্তম আলী, আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পৌর শাখার সভাপতি সেলিম হাওলাদার, চাঁদপাই ইউনিয়ন ৭নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নজরুল শিকদারসহ জামায়াত-বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
সমাবেশে বক্তারা বলেন, বাগেরহাটবাসীর গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। একটি আসন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও জনগণের রাজনৈতিক প্রতিনিধিত্ব সংকুচিত করার অপচেষ্টা। তারা ঘোষণা দেন, চারটি আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। এসময় আগামীকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”