
বদরগঞ্জে বিএনপি নেতা লাভলু মৃধার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রতিবেদক: জামান, বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি, রংপুর
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের মাদারগঞ্জ হাটে ইউনিয়ন বিএনপি নেতা লাভলু মৃধার বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে এ সংবাদ সম্মেলন করেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লাভলু মৃধা।
সংবাদ সম্মেলনে লাভলু মৃধা অভিযোগ করেন, “প্রতিবন্ধী এক নারীর জমি আত্মসাৎকে কেন্দ্র করে মাদারগঞ্জ বাজারে একটি ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলির ঘটনা ঘটে। সেই সময় আমি তারাগঞ্জ উপজেলায় অবস্থান করছিলাম। কিন্তু আমাকে হুকুমের আসামি করে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “কিছু অসাধু ব্যক্তি ও গোষ্ঠী আমার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার জন্য এই অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় সাবেক আওয়ামী নেতারা প্রতিবন্ধী নারীর জমি আত্মসাৎয়ের সঙ্গে জড়িত। আমি শুধু চেয়েছিলাম প্রতিবন্ধী নারী যেন তার জমি ফেরত পান—এটাই কি অন্যায়?”
প্রতিবন্ধী নারীর স্বজনরা অভিযোগ করে বলেন, “আমরা থানায় প্রতিবন্ধীর পক্ষে মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় না। কিন্তু তোফাজ্জল মাস্টারের লোক কোনো অভিযোগ করলে তৎক্ষণাৎ তা আমলে নেয় এবং তদন্ত ছাড়াই আসামি ধরে নিয়ে যায়।” তারা আরও অভিযোগ করেন, থানার উপপরিদর্শক (এসআই) রফিক উদ্দিন প্রতিবন্ধীর প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং ঐ জমিতে যেতে নিষেধ করেন।
সংবাদ সম্মেলনে লাভলু মৃধা বলেন, “আমি আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমাকে সামাজিক ও মানসিকভাবে হয়রানি করা হচ্ছে।”
তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমি সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আশা করি, সাংবাদিক বন্ধুরা সত্যটি জনগণের সামনে তুলে ধরবেন।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅