
গাইবান্ধায় অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় কনটেন্ট ক্রিয়েটর আসিব ফয়সাল লেলিনের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে গাইবান্ধার জেলা নাট্য সংস্থার সামনে সচেতন নাগরিকদের আয়োজনে এ মানববন্ধন হয়। এ সময় লেলিন তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে দায়েরকৃত মিথ্যা এজাহার, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট, ব্ল্যাকমেইল, ফেসবুক হ্যাক এবং ষড়যন্ত্রমূলক মানববন্ধনের তীব্র প্রতিবাদ জানান।
তিনি জনৈক লাক সাব্বির ওরফে রাব্বি নামের এক ব্যক্তিকে এসব কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করেন এবং এর সঠিক তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে তিনি গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর লিখিত আবেদনও করেছেন।
মানববন্ধনে আসিব ফয়সাল লেলিন ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সচেতন নাগরিক মো. বাবলু মিয়া, সেলিম পারভেজ, হৃদয়, সুরুজভানসহ আরও অনেকে। এ সময় স্কুল-কলেজ শিক্ষার্থী, প্রবীণ ব্যক্তি ও স্থানীয় সচেতন বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”