
কুষ্টিয়া ১৪০ নং জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
প্রতিবেদক: মোঃ সাজাহান আলী, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
কুষ্টিয়া সদর উপজেলার ১৪০ নং জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি তার বিরুদ্ধে ১৩৪ জন এলাকাবাসী লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে নানা ধরনের অনিয়ম করে আসছেন। পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার পর প্রশংসাপত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করেছেন। ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকেও পরীক্ষার ফি সংগ্রহ করেছেন, যা নিয়মবহির্ভূত। এমনকি উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ফি উত্তোলনের অভিযোগ রয়েছে।
এছাড়া বিদ্যালয়ের গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, সরকারি অনুদান ও প্রদত্ত অর্থের কোনো হিসাব না দেওয়া এবং বিভিন্ন সময়ে ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষকের স্বাক্ষর জাল করার অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবকরা আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের পুরাতন বই নিয়ে নিজ বাড়িতে সংরক্ষণ করেন প্রধান শিক্ষক। ক্রীড়া অনুষ্ঠানের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হলেও কোনো পুরস্কার দেওয়া হয় না। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
সূত্র জানিয়েছে, প্রধান শিক্ষক নিজ ইচ্ছামতো বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করেন এবং সর্বশেষ কমিটিতে নিজের চাচাতো ভাইকে সভাপতি করেন। অভিযোগ রয়েছে, সভাপতির স্বাক্ষরও তিনি প্রায়শই নিজেই জাল করেন। অভিভাবকদের অভিযোগ, তিনি নিয়মিত দেরিতে বিদ্যালয়ে আসেন এবং কর্মদিবসের অর্ধেক সময়ও বিদ্যালয়ে থাকেন না।
বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রধান শিক্ষক এলাকার প্রভাবশালী হওয়ায় সহকারী শিক্ষকরা অনিয়ম জানলেও মুখ খুলতে সাহস পান না।
ভুক্তভোগী অভিভাবকরা দ্রুত তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”