
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মোঃ আসাদুজ্জামান
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার (২২ নভেম্বর) ঢাকায় পৌঁছাবেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হবে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন।
সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা ও কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। বিশেষ করে কৃষি, ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহ এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তার সফরকে ঘিরে বাংলাদেশ সরকার তাকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP)’ হিসেবে ঘোষণা করেছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।