নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: অটোরিকশা উল্টে চালকসহ বহু যাত্রী আহত
প্রতিবেদক: আরিফুল ইসলাম, নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর-কম্পানীগঞ্জ সড়কের দোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে ঘটে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, দোলাবাড়ি ক্রস রোড এলাকায় চলাচলের সময় আড়াআড়ি রোড থেকে দ্রুতগতিতে একটি বালুবাহী ট্রাক হঠাৎ মূল সড়কে উঠে আসে। বেপরোয়া ট্রাকটি সরাসরি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা আর্তচিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। অটোরিকশা চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। চালকের অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন হওয়ায় স্থানীয়রা তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অন্যান্য আহতদেরও উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজন হলে হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর সাময়িক সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।
স্থানীয়দের অভিযোগ, দোলাবাড়ি ক্রস রোড এলাকায় দীর্ঘদিন ধরে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির ট্রাক ও বালুবাহী গাড়ির বেপরোয়া চলাচল এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।