বাংলাদেশের শাসকগোষ্ঠীর নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মামুনুল হক
প্রতিবেদক: আরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি
১৯৭১ থেকে বর্তমান সময় পর্যন্ত যারা বাংলাদেশ পরিচালনা করেছেন, তারা দেশের স্বার্থের পরিবর্তে বিদেশি প্রভাবকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাঁর দাবি, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দেশের মানুষ এখনো বিশ্বমঞ্চে যথাযথ মর্যাদা অর্জন করতে সক্ষম হয়নি।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক অভিযোগ করে বলেন, ভারতের সংবিধানের নীতি-ধারণা বাংলাদেশে প্রভাব বিস্তার করায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়েছে। রাষ্ট্রনায়কের মুখ পরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তন হয়নি। তিনি দাবি করেন—দেশের প্রকৃত অগ্রগতি সম্ভব সৎ, নৈতিক ও আদর্শ নেতৃত্বের মাধ্যমে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-মতের বৈচিত্র্যের ঊর্ধ্বে উঠে ন্যায়ের রাষ্ট্র গড়াই খেলাফত মজলিসের লক্ষ্য। আগামীর বাংলাদেশ হবে ইসলামী আদর্শে পরিচালিত রাষ্ট্র—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
গণসমাবেশে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী। বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মহসিনুল হাসান, জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়—ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মুফতি আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আহমদ আলীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।