আগাম শীত ও তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস
স্টাফ রিপোর্টার: মোঃ আসাদুজ্জামান
নভেম্বরের শুরুতে টানা বৃষ্টির পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। ভোরের ঘন শিশির, উত্তরের কিছু এলাকায় হালকা কুয়াশা ও শীতপ্রবাহের আভাস মিলছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি মৌসুমে আগাম শীত নামার পাশাপাশি তীব্র শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার রাতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানায়, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে অন্তত ১০টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। এবারের শীত স্বাভাবিকের তুলনায় দীর্ঘস্থায়ী ও বেশি শীতল হওয়ার আশঙ্কা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ৪ থেকে ৭টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যেখানে তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে, যেখানে তাপমাত্রা কমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে, নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, ১০ নভেম্বর থেকে উত্তরাঞ্চল দিয়ে শীতের আগমন ঘটতে পারে। চলতি মাসের শেষে দেশের বেশিরভাগ অঞ্চলে শীত অনুভূত হতে পারে। তবে ডিসেম্বরের আগে বড় ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।