
স্টাফ রিপোর্টার, মোংলা:
মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোংলার চেয়ারম্যানের মোড় এলাকায় একটি রাজনৈতিক সভা শেষে ব্যক্তিগত মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নিহত জামির ইজারাদার ও তার সঙ্গীরা। পথে খুলনাগামী একটি অজ্ঞাত যানবাহন তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
নিহতদের পরিচয়:
তিনজনই রামপাল উপজেলার একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত জামির ইজারাদার শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন, আর মিজান শেখ ও হরিপদ হালদার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, “তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।