সিজু হত্যার বিচারের দাবিতে সাঘাটায় মানববন্ধন
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটায় পুকুর থেকে সিজু মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ কর্তৃক হত্যার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
হত্যার বিচারের দাবিতে রোববার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানববন্ধন করেন।
‘সচেতন নাগরিক’ ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন সাঘাটা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক সরকার, সাঘাটা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইফতিয়ার আহমেদ সুজন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান, ইসলামী আন্দোলন সাঘাটা উপজেলা শাখার সেক্রেটারি মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম রব্বানী।
উল্লেখ্য, পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিজু মিয়া সাঘাটা থানায় ঢুকে এএসআই মহসিন আলীকে ছুরিকাঘাত করে পুকুরে ঝাঁপ দেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের পুকুরের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
তবে শনিবার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে অভিযোগ ওঠে যে সিজুকে পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলা হয়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”