
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার (গাইবান্ধা)
গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে চলছে রমরমা মাদক ব্যবসা, অথচ প্রশাসনের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এই রহস্যজনক নীরবতায় ক্ষোভ ও আতঙ্কে রয়েছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর রামনাথেরভিটা সুইটগেট, চুনিয়াকান্দি বটতলা, রামনাথেরভিটা চৌরাস্তা, সাধুর আশ্রম ত্রিসীমা, বাদিয়াখালী আলাই নদীর ব্রিজ সংলগ্ন এলাকা, শ্মশান ঘাটি, বাদিয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশ, রিফাইতপুর কাউছানির মোড়, এ এম ই ইটভাটা সংলগ্ন পশ্চিমপাড়া, রিফাইতপুর চৌরাস্তা, সুখান দিঘি রেললাইন এলাকা, মাঠপাড়া, নুরুলগঞ্জ হাট, ফুলবাড়ি রেলগেট ও বটতলী এলাকায় মাদক বেচাকেনা চলছে প্রকাশ্যে।
ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য এখন সাধারণ দৃশ্য—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। তারা বলেন, একটি সংঘবদ্ধ চক্র প্রভাবশালী মহলের আশ্রয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে যুবসমাজ বিশেষ করে স্কুল–কলেজ পড়ুয়া তরুণরা মাদকের ফাঁদে জড়াচ্ছে।
রিফাইতপুর চৌরাস্তার এক অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আমার ছেলেটা আগে ভালো ছাত্র ছিল, এখন রাতে মাদকাসক্ত ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়। ভয় হয়, ও-ও নেশায় জড়িয়ে না পড়ে।”
অন্যদিকে এক প্রবীণ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন,
“সবাই জানে কারা মাদক বিক্রি করে, কোন দোকানে চলে বেচাকেনা, কিন্তু প্রশাসন চুপ করে আছে। মাঝে মাঝে লোক দেখানো অভিযান হয়, তাতে কোনো কাজ হয় না।”
এলাকাবাসী দ্রুত বড় পরিসরের মাদকবিরোধী অভিযান ও স্থায়ী আইনগত ব্যবস্থা দাবি করেছেন। তারা বলেন, প্রশাসন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে বাদিয়াখালী পুরোপুরি মাদক আখড়ায় পরিণত হবে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে। ✅