ফুলছড়ির কাতলামারি স্কুলের রাস্তায় ভয়াবহ দুরবস্থা, দুর্ঘটনার ভয়ে স্কুলে যাচ্ছে না শিক্ষার্থীরা
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়ার ইউনিয়নের কাতলামাড়ী মরিচারপাড়া গ্রামের হামিদুল রহমানের বাড়ি হইতে উদাখালী ইউনিয়নের দক্ষিণ ডাঙ্গারবাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা চরম ভোগান্তির সৃষ্টি করেছে। একইভাবে কাতলামারির বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটিও আরও ভয়াবহ পরিস্থিতির শিকার।
সরেজমিনে দেখা যায়, ডাঙ্গারবাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের রাস্তার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে। ফলে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। স্থানীয়রা জানান, ভয়ঙ্কর এ রাস্তা দিয়ে সন্তানদের স্কুলে পাঠাতে অনীহা প্রকাশ করছেন অনেক অভিভাবক।
পথচারী ও যানবাহন চালকরাও প্রতিদিন মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বৃষ্টির দিনে গর্তে জমে থাকা পানি দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। এতে ব্যবসায়ী ও কর্মজীবী মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ডাঙ্গারবাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “রাস্তার এমন দুরবস্থার কারণে শিক্ষার্থীরা নিরাপদে স্কুলে আসতে পারছে না। প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। অথচ এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”
এলাকাবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কার করে শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”