প্রতিবেদক: মোঃ লিটন , যশোর
নড়াইলের লোহাগড়া উপজেলায় কিশোর ভ্যানচালক সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে যশোর পিবিআই ইউনিট। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে শাহাদত হোসেন (১৯)-কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।
বুধবার (২৭ আগস্ট) সাংবাদিকদের জানায় পিবিআই যশোর পুলিশ সুপার রেশমা শারমিন, “টাকার প্রয়োজন মেটাতে শাহাদত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যার পর সুমনের অটো ভ্যানের চার্জ ফুরিয়ে গেলে শাহাদাত সেটি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা গোপালপুর বাজারে ফেলে পালিয়ে যায়।”
পরিবারের সূত্রে জানা যায়, সুমন মোল্লা অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত ২১ আগস্ট সকালে সুমন প্রতিদিনের মতো অটো ভ্যান চালাতে বের হয়, কিন্তু রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির পর ২২ আগস্ট তার মা লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ২৪ আগস্ট বিকালে লোহাগড়া কামঠানা এলাকার ওয়াফদা খাল থেকে সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।
মামলাটির তদন্তভারে নিয়োজিত যশোর পিবিআই প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সাহায্যে হত্যার মূল রহস্য উদঘাটন করে। বুধবার ভোরে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে শাহাদাতের শশুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা ও অটো ভ্যান ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে।
পিবিআই সূত্রে জানা যায়, হত্যার উদ্দেশ্য ছিল সুমনের অটো ভ্যান ছিনতাই করা।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”