গোবিন্দগঞ্জে গৃহবধূ ধর্ষণ ও হ্যাকিং মামলায় চিহ্নিত হ্যাকার জাফি গ্রেফতার
✍️ প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের নারিচাগাড়ী গ্রামের ছলেমান মোল্লার ছেলে জাফিরুল ইসলাম জাফি (স্থানীয়ভাবে চিহ্নিত হ্যাকার)কে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে, সম্প্রতি তিনি এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ছিলেন। ওই অভিযোগের রেকর্ড সম্পন্ন হওয়ার আগেই নতুন করে হ্যাকিং ডিভাইস ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ ও বিকাশের একাধিক একাউন্ট হ্যাক করে প্রতারণা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানার এসআই হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে শনিবার দুপুরে এসআই তাহসিনুর রহমান প্রতারণার একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ধারা ৪২০/৪০৬ অনুযায়ী দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ চৌকি আদালতের এক আইনজীবী জানান, এ মামলা জামিনযোগ্য ধারা হওয়ায় আসামী চাইলে আদালতে জামিনের আবেদন করতে পারে। তবে এলাকাবাসীর অভিযোগ, চিহ্নিত হ্যাকাররা অবৈধভাবে উপার্জিত অর্থের প্রভাবে নানা অপকর্মে লিপ্ত থাকে এবং আইনের ফাঁকফোঁকরে বেরিয়ে এসে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “জাফিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”