গাইবান্ধায় স্বামী-স্ত্রীর প্রেমের জেরে উভয়কে খুঁটিতে বেঁধে মারধর ও মাথা ন্যাড়া করলেন সমাজপতিরা
প্রতিবেদক: মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাবেক স্বামী-স্ত্রীকে প্রকাশ্যে খুঁটিতে বেঁধে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ সরকার পাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নারী ওই গ্রামের শাহারুল সরকার ও শরিফা বেগম দম্পতির মেয়ে। আর নির্যাতিত সাবেক স্বামীর নাম মিলন মিয়া। ঘটনার পর থেকে মেয়েটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরিবার সূত্রে জানা যায়, মেয়েটির প্রথম বিয়ে হয়েছিল আনোয়ার হোসেনের সঙ্গে, তবে তালাকের পর তিনি দ্বিতীয়বার মিলন মিয়াকে বিয়ে করেন। পারিবারিক চাপে কিছুদিন পর ওই সম্পর্কও ভেঙে যায়। পরে গার্মেন্টসে চাকরিরত মেয়েটি সম্প্রতি ছুটিতে বাবার বাড়ি এলে পুনরায় মিলনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২৬ আগস্ট সকালে গোবিন্দগঞ্জ শহরে কাপড় কিনতে গিয়ে মিলনের সঙ্গে দেখা হলে তারা গল্প করছিলেন। এসময় স্থানীয় শাহারুল ইসলাম সরকার, সাদা মিয়া সরকারসহ কয়েকজন তাদের জোরপূর্বক ধরে নিয়ে যায়। এরপর লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে, বাড়ির বারান্দার সিমেন্টের খুঁটিতে বেঁধে উভয়ের মাথার চুল কেটে ন্যাড়া করে দেয়।
নির্যাতিতার মা শরিফা বেগম জানান, “শুধু মারধর নয়, আমার মেয়েকে গরম ভাজনীর ছ্যাকা দিয়েও পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছে না।”
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”