“খবর মহম্মদপুর” ফেক আইডির বিরুদ্ধে ডিবির অভিযান, গ্রেফতার ৪
প্রতিবেদক: আব্দুল মান্নান, মাগুরা প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে আলোচিত-সমালোচিত ফেসবুক ফেক আইডি “খবর মহম্মদপুর”–এর বিরুদ্ধে অবশেষে অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ—ফেক আইডি পরিচালনা, ভুয়া তথ্য প্রচার, ভয় দেখিয়ে অর্থ আদায় এবং মানহানিকর কনটেন্ট ছড়ানো।
২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি চালু হওয়া এই আইডি খোলার পর থেকেই স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী ও শিক্ষার্থীদের বিরুদ্ধেও মিথ্যা, অশ্লীল ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে—এআই প্রযুক্তি ব্যবহার করে গোপন ভিডিও তৈরি, নগ্ন ছবি সম্পাদনা এবং প্রতিপক্ষকে কালিমালিপ্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের কাছ থেকে একাধিক বিকাশ নম্বরের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেয় চক্রটি।
প্রথমে থানায় জিডি হলেও দীর্ঘদিন মূল অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল, সম্পাদক মো. মাসুদ রানা এবং সাপ্তাহিক একুশে নিউজের সম্পাদক হাসানুজ্জামান সুমনের উদ্যোগে প্রতারকদের খোঁজে অগ্রগতি আসে। হাসানুজ্জামান সুমনের রমনা থানায় অভিযোগ দাখিলের পর প্রায় সাত মাসের অনুসন্ধান চালিয়ে গোয়েন্দা পুলিশ চক্রটির অবস্থান শনাক্ত করে।
পরে ২৭ আগস্ট বিকাল ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মহম্মদপুরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—
১. তানভীর রহমান রাজু, সাবেক সদর ইউপি চেয়ারম্যান আবু মিয়ার ছেলে
২. আনোয়ার হোসেন শাহিন, সাংবাদিক ও শিক্ষক
৩. জান্নাতুল ফেরদৌস টুকটুকি, স্থানীয় কাপড় ব্যবসায়ী মুকুল মিয়ার মেয়ে
৪. শিমুল মিয়া, কম্পিউটার ব্যবসায়ী, বাড়ি জাঙ্গালিয়া গ্রামে।
অভিযানে তাদের ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন ডিভাইস জব্দ করা হয়। জানা যায়, ক্যান্সারে আক্রান্ত রাজুকে আপাতত স্থানীয় ইউপি সদস্য তানজির রহমান সোহাগের জিম্মায় রাখা হয়েছে। তবে তার বিরুদ্ধেও প্রমাণের ভিত্তিতে বিচার কার্যক্রম চলমান থাকবে।
“খবর মহম্মদপুর” ফেক আইডির কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ভয়ভীতি, অশ্লীল ভিডিও ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন। ডিবির এ অভিযানের খবরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা আশা করছেন, এই গ্রেফতারের মধ্য দিয়ে এমন অপতৎপরতার স্থায়ী অবসান ঘটবে এবং এলাকায় আবারও শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসবে।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”