
প্রতিবেদক: মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রবাসীকে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে এক যুবলীগ নেতা। বুধবার সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাহারপুর দিঘিরপার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আলতাফুর রহমানের ছেলে সৌদি প্রবাসী মুহিবুর রহমান আখলিছ তার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। এসময় সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সদস্য কাজী ফরিদ উদ্দিন দা দিয়ে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন।
আহত আখলিছকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এদিকে খবর পেয়ে পুলিশ ৯৯৯ কলের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে কাজী ফরিদ উদ্দিনকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী আখলিছ তার ক্রয়কৃত জমিতে বাড়ি ও বাউন্ডারি ওয়াল নির্মাণের চেষ্টা করলে ফরিদ উদ্দিন দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছিলেন এবং চাঁদা দাবি করছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও রয়েছে। হাসিনা সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি এলাকায় আবার বেপরোয়া হয়ে উঠেছেন তিনি।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, “ঘটনার পরপরই ফরিদ উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”