
চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক
🖋️ প্রতিবেদক: আকাশ আচার্য্য, দিরাই উপজেলা | সত্যকণ্ঠ সংবাদ
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাগরিবের নামাজের পর দিরাই পৌর শহরের মধ্যবাজার জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের ছাত্র-জনতা এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আকরাম হোসেন অনিক।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ আতাহার আলী, রশিদ চৌধুরী, হাবিবুর রহমানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও লাগামহীন বর্বরতা সাধারণ মানুষের জীবনে চরম অস্থিরতা সৃষ্টি করছে। এটি আর সহ্য করা যায় না।”
তারা দ্রুততম সময়ের মধ্যে মিটফোর্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং এসব অপরাধের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”