
মনোহরদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর রিয়াদ হোসেনের ছুরিকাঘাত হত্যা
প্রতিবেদক: মো. রবিন রাজ, বেলাবো উপজেলা প্রতিনিধি
নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের মো. খোকন মিয়ার ছেলে ও খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় পূর্ব বিরোধের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের ওপর হামলা চালায়। গুরুতর আহত রিয়াদকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খোকন মিয়া জানিয়েছেন, আগের দিন ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের পর আজ রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক তার ছেলের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি করেছেন।
মনোহরদী থানার ওসি আব্দুল জাব্বার বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন।
সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”