
সড়কে শোকের ছায়া, বন্ধুর মৃত্যুতে বাকরুদ্ধ সহযাত্রী
🖋️ প্রতিবেদক: মোঃ সাজাহান আলী, কুষ্টিয়া | সত্যকণ্ঠ সংবাদ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইমন হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ইমন রাজবাড়ী জেলার রতনদিয়া ইউনিয়নের টেংরাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল বিভাগে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোড়াগাছা বাজারের পশ্চিম পাশে রাজবাড়ী-কালুখালী সড়কে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন ইমন ও তার বন্ধু হাসান। এ সময় পেছন দিক থেকে আসা পদ্মাগড়াই পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইমন ছিটকে পড়ে এবং কুষ্টিয়া থেকে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর আরোহী বন্ধু হাসান সামান্য আহত হলেও প্রাণে বেঁচে যান।
মর্মান্তিক দুর্ঘটনার পর কাঁদতে কাঁদতে হাসান বলেন,
“ইমন এখনো তো অনেক কিছু ঘোরার বাকি বন্ধু… তুই কথা বল!”
তিনি জানান, ঈদের ছুটিতে তারা ছয় বন্ধু তিনটি মোটরসাইকেলে কুষ্টিয়া বেড়াতে যাচ্ছিলেন। ঢাকায় কর্মরত ইমন ছিলো তাদের মাঝে সবচেয়ে হাসিখুশি ও প্রাণবন্ত।
দুর্ঘটনার পরপরই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে খোকসা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং এখনো আটক করা যায়নি। তবে ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
এলাকায় এই দুর্ঘটনা ঘিরে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
📰 সত্যকণ্ঠ সংবাদ
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”