
পারিবারিক কলহে ঝরলো দুই প্রাণ
🖋️ মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার — কলমাকান্দা, নেত্রকোনা | সত্যকণ্ঠ সংবাদ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার কৈলাটি ইউনিয়নের নত্তিপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাবেয়া পারভীন (২৮) ও তার স্বামী মো. রাশেদ মিয়া (৩৩)। তারা উপজেলার নত্তিপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রাশেদ মিয়া ঘরের দরজা বন্ধ করে স্ত্রীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি নিজেই ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
গুরুতর আহত অবস্থায় রাবেয়া পারভীনকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরেই রাশেদ মিয়া প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন এবং পরে আত্মহত্যা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
“সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে”