
২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় — জাতীয় দলকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
প্রতিবেদক: মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার
২২ বছর পর ভারতের বিপক্ষে বহু প্রতীক্ষিত জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। ২০০৩ সালের পর আক্ষেপঘোচানো এই জয় পুরো দেশকে নতুন করে উত্তেজিত ও গর্বিত করেছে। এই ঐতিহাসিক জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “এই জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়—এটি লক্ষ লক্ষ তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে। জাতি গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।”
তিনি আরও বলেন, “এই জয় বাংলাদেশের ফুটবলের গৌরবময় দিনগুলো ফিরিয়ে আনতে সহায়তা করবে।”
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নির্বাচিত সরকারও ফুটবলের উন্নয়নে এ সহায়তার ধারা অব্যাহত রাখবে। তিনি জানান, “২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার ফুটবলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে, এবং আগামী দিনের সরকারগুলোও এই অগ্রযাত্রা ধরে রাখবে বলে প্রত্যাশা করি।”
মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের সি-গ্রুপের পঞ্চম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন, যা দুই দশকের হতাশার অবসান ঘটায়।

হামজা ও সমিত
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।