
খরগড়িয়া নদী ভাঙনে বিপর্যস্ত সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়ন
প্রতিবেদক: মোঃ ইবনে আলী সরকার, স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের গ্রাম সরকার পাড়া এলাকায় খরগড়িয়া নদীর ভয়াবহ ভাঙনে অধিকাংশ বাড়িঘর বিলীন হয়ে গেছে। নদীর ওপর ও নদীতীর ঘেঁষে বসবাসকারী প্রায় দেড় থেকে দুইশত পরিবারের বর্তমান অবস্থা অত্যন্ত শঙ্কাজনক। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে অবশিষ্ট বাড়িগুলোও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
এলাকাবাসী জানান, নিজেদের বসতভিটা রক্ষার লক্ষ্যে প্রায় আড়াইশো পরিবার সম্মিলিতভাবে খরগড়িয়া নদীতে বাঁধ নির্মাণের কাজ শুরু করেন। তবে অভিযোগ উঠেছে, ওই এলাকার এক নামধারী ব্যক্তি সোহেল সরকার (পিতা: মৃত ওয়াজেদ সরকার) রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাঁধের কাজে বাধা প্রদান করেন। স্থানীয়রা দাবি করেন, তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার পরিচয় দিয়ে কাজ বন্ধ করে দেন।
ঘটনার তদন্তে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত সোহেল সরকারের দেখা পাওয়া যায়নি। এদিকে ক্ষতিগ্রস্তদের মধ্যে মোঃ হযরত আলী (পিতা: মৃত আলাউদ্দিন সরকার) জানান, তার বাড়িটি এখন চরম ঝুঁকিতে রয়েছে এবং যেকোনো সময় ভেঙে পড়তে পারে। কিন্তু বাধাদানকারী ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে নদী রক্ষা কাজ বন্ধ করে দিয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে আলাউদ্দিন সরকারের সমর্থক ও স্থানীয় ক্ষতিগ্রস্তরা একত্রিত হয়ে প্রতিবাদ জানানোর চেষ্টা করেন। বিষয়টি জানার পর ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি ও অন্যান্য সাংবাদিকরা উপস্থিত হলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত দরখাস্ত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এলাকাবাসীর দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে। তারা অবিলম্বে বাঁধ নির্মাণের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।