
হিলিতে পুলিশি অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি
হিলিতে মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাইনুল ইসলাম (২৫) কে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩ জানুয়ারি) রাতে জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাইনুল ইসলাম হিলি মধ্য বাসুদেবপুর (রাজধানী মোড়) মহল্লার শাহজাহান আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, ২০১৮ সালে একটি মাদক মামলায় জেলা দায়রা জজ আদালত মাইনুল ইসলামকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট-৫ র্যাব সদস্যদের সহযোগিতায় জয়পুরহাট জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শেষে আজ রোববার তাকে দিনাজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।