
আরিফিন শুভর প্লট বাতিলে ঢালিউডে তোলপাড়, অনন্য মামুনের দাবি ‘অবিচার হয়েছে বন্ধুর সঙ্গে’
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভকে নিয়ে নতুন করে আলোচনায় মেতে উঠেছে সামাজিকমাধ্যম। কারণ, রাজউকের সংরক্ষিত কোটায় তার নামে বরাদ্দ হওয়া ১০ কাঠার একটি প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুভর ভক্ত, সহকর্মী এবং চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
২০২৩ সালে রাজউকের সংরক্ষিত কোটার আওতায় আরিফিন শুভকে প্লটটি দেওয়া হয়েছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর রাজউক সেই বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়। ঠিক এরপরই বিষয়টি নিয়ে উত্তাল হয়ে ওঠে ঢালিউড।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন নিজের ফেসবুক পেজে শুভর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন,
“অবিচার হয়েছে আমার বন্ধুর সঙ্গে। বর্তমান সরকারকে অনুরোধ জানাই, শুভর প্লটটা ফিরিয়ে দেওয়া হোক।”
তিনি আরও লেখেন,
“ছেলেটা প্রচণ্ড সৎ। শুভ, তোমার সঙ্গে আমি আছি। তোমার মতো সৎ ও সাহসী মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। নতুন কিছু হবে, তুমি এখন বলিউডের শিল্প।”
রাজউকের ‘সংরক্ষিত কোটা ১৩/এ ধারায়’ এমন ব্যক্তিরা প্লট পান যাদের নিজস্ব ফ্ল্যাট বা জমি নেই। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখা সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ কিংবা সরকারি-বেসরকারি কর্মকর্তারা সাধারণত এই কোটার আওতাভুক্ত।
২০২৩ সালের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভার সিদ্ধান্তে, উপ-পরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফের স্বাক্ষরে শুভকে প্লটটি বরাদ্দ দেওয়া হয়। জানা যায়, বঙ্গবন্ধু সিনেমায় নাম ভূমিকায় অভিনয়ের স্বীকৃতি হিসেবেই এই প্লট তাকে দেওয়া হয়েছিল।
তবে প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়ে এখনো রাজউকের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অনন্য মামুনের পোস্টের পর বিষয়টি ফের নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ঢালিউডে।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।