
হাকিমপুর হিলিতে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম—কেজিতে বৃদ্ধি ১৫ টাকা
প্রতিবেদক: সাদ্দাম হোসেন নয়ন, হিলি প্রতিনিধি
হাকিমপুর হিলিতে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়তে বাধ্য হয়েছে। তবে এ বৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। তাদের অভিযোগ—বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়াতে পারছে।
বাজারে আসা ক্রেতা সজিব হোসেন বলেন, “ভারত থেকে আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা সিন্ডিকেট শুরু করেছে। আগে দাম বাড়ায়, প্রতিবেদন হলে কমায়, আবার কিছুদিন পর আবার বাড়িয়ে দেয়। দুই দিন আগেও পেঁয়াজ ছিল ৭৫–৮০ টাকা, এখন ৯৫–১০০ টাকা দামে বিক্রি হচ্ছে।”
তিনি আরও জানান, পেঁয়াজ একটি নিত্যপ্রয়োজনীয় পণ্য হওয়া সত্ত্বেও অল্প কয়েক দিনের ব্যবধানে এতোটা মূল্যবৃদ্ধি কখনোই স্বাভাবিক নয়। সরকারের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং না করায় দাম বাড়ছে বলে দাবি তার।
পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন বলেন, “সরবরাহ কমেছে, তাই দাম বেড়েছে। দুইদিন আগেও ৭৫–৮০ টাকায় বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারিতে দাম বেড়ে যাওয়ায় আজ ৯৩ টাকা দরে কিনতে হয়েছে। তাই ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি করছি।”
অন্যদিকে বন্দরের আমদানিকারক শহিদুল ইসলাম জানান, “কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। সরকার যদি ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়, তাহলে দাম অনেকটা কমে আসবে।”
বিঃদ্রঃ দেশের বাজার স্থিতিশীল রাখতে সাধারণ ক্রেতা ও খুচরা বিক্রেতারা দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন।
সত্য বলার সাহসই সত্যকণ্ঠ — নির্ভীক, নিরপেক্ষ, ন্যায়ের পথে।